আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনের জনপ্রিয় আন্দোলন আনসারুল্লাহ'র নেতা সাইয়্যেদ আবদুল মালিক বদরুদ্দিন হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল, মার্কিন ও সৌদি সরকার বিশ্বে সমস্ত অপকর্মের উৎস।
গত রাতে (মঙ্গলবার) দেয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। এর কিছু আগে গতকাল ইয়েমেনের সরকারি সেনা ও স্বেচ্ছাসেবী প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের দাহরানে কয়েকটি সামরিক টার্গেটে ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে খবর এসেছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত কোনো খবর পাওয়া যায়নি। তবে কোনো কোনো সূত্র বলেছে, এইসব হামলায় অন্তত ৪০ সৌদি সেনা হতাহত হয়েছে।
সৌদি আগ্রাসনের মোকাবেলায় ইয়েমেনি জনগণের দৃঢ় প্রতিরোধের কথা তুলে ধরে আনসারুল্লাহর প্রধান বলেন, ইয়েমেনি জনগণ ইহুদিবাদী ইসরাইল, মার্কিন ও সৌদি সরকারের ভয়াবহ পাশবিক যুদ্ধ মোকাবেলা করছে।
আমেরিকা ও ইসরাইলের নির্দেশে এবং তাদের সহায়তায় ও অংশগ্রহণে সৌদি সরকার এই যুদ্ধ শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন। এই বর্বরোচিত যুদ্ধ ইয়েমেনের জনগণকে আরও সচেতন করছে এবং এর ফলে তারা মার্কিন সরকারের শ্লোগানগুলোর স্বরূপকে বুঝতে পারবে বলে সাইয়্যেদ আবদুল মালিক বদরুদ্দিন হুথি উল্লেখ করেন।
ইসরাইল এ যুদ্ধে অংশ নেয়ায় এ অঞ্চলে তার ষড়যন্ত্র এবং এর বিপদের মাত্রা প্রকাশ পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ইয়েমেনে সৌদি হামলায় হাজার হাজার মানুষ নিহত হওয়ার কথা তুলে ধরে হুথি নেতা বলেছেন, হতাহতের সংখ্যা যতই বাড়ছে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে গণ-প্রতিরোধে ইয়েমেনিদের অংশগ্রহণও ততই জোরদার হচ্ছে এবং পরিস্থিতি এখন পুরোপুরি ভিন্ন। ইয়েমেনিদের প্রবল প্রতিরোধ দেখে আগ্রাসীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন। হুথি নেতা বলেন, ইয়েমেনের জনগণ প্রতিরোধ গড়ে না তুললে এতদিনে যে কোনো কিছু ঘটে যেত, এমনকি হয়তো আমেরিকা, আলকায়দা, সৌদি সরকার ও ইসরাইল ইয়েমেনকে দখলে নিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিত।
তিনি আরও বলেন, এই আগ্রাসন ইসরাইল ও সৌদি সরকারের মধ্যে জোটবদ্ধতাকে আগের চেয়েও স্পষ্ট করেছে এবং এটাও প্রমাণ হল যে আল-কায়দা আগ্রাসীদের একটি হাতিয়ার বা মাধ্যম মাত্র। এই আগ্রাসনে কেবল ইসরাইলই লাভবান হচ্ছে বলে আনসারুল্লাহর নেতা স্মরণ করিয়ে করেন। তিনি আলোচনাকেই ইয়েমেনের চলমান সংকট সমাধানের একমাত্র পথ বলে দাবি করে বলেছেন, আগ্রাসীরা জেনেভার বৈঠককে শলা-পরামর্শের বৈঠকে পরিণত করেছে। তারা সংকটের সমাধান চায় না বলেও হুথি নেতা সতর্ক করে দেন।
আনসারুল্লাহর নেতা এমন সময় এইসব মন্তব্য করলেন যখন মার্কিন সাময়িকী ফরেন পলিসিও এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন সরকারই বিশ্বের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অস্ত্র ও গোলা-বারুদের সবচেয়ে বড় যোগানদাতা।
'বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রফতানিকারক' শীর্ষক এক প্রতিবেদনে এই সাময়িকী লিখেছে, বিশ্বে ও বিশেষ করে, মধ্যপ্রাচ্যে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অস্ত্র ও গোলাবারুদের সবচেয়ে বড় যোগানদাতা হল আমেরিকা।
এদিকে পশ্চিমা বিশ্লেষকরাও ইহুদিবাদী ইসরাইল, সৌদি সরকার এবং তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এর চরিত্রের মধ্যে অদ্ভুত কিছু মিলের কথা তুলে ধরছেন। আর এই মিল হল, এরা সবাই বেসামরিক নারী ও পুরুষ ছাড়াও নৃশংসভাবে শিশুদের হত্যা করতে অভ্যস্ত। গাজায় ইসরাইলের হাতে কয়েক হাজার এবং ইরাক ও সিরিয়ায় শত শত মাসুম বা নিষ্পাপ শিশু আইএসআইএল-এর হাতে নিহত হয়েছে। আর ইয়েমেনে সৌদি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে তিন হাজার শিশু। ইহুদিবাদী ও তাকফিরি সন্ত্রাসীদের মত সৌদি সরকারও ধ্বংস করছে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ এবং ঐতিহাসিক নানা নিদর্শন। এরা সবাই নিষিদ্ধ অস্ত্রও ব্যবহার করছে! জার্মান দৈনিক ডি-ওয়াল্ট এইসব মিল বা সাদৃশ্যের কথা তুলে ধরে পরিহাস করে লিখেছে, 'সৌদি জঙ্গি বিমানগুলো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত ঐতিহাসিক ভবনগুলোকে ধ্বংস করছে। আরব উপদ্বীপের যুদ্ধ এখন দিনকে দিন বেশি নোংরা হয়ে পড়ছে।... ইসরাইল গাজায় জাতিসংঘের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ও মসজিদেও হামলা চালিয়েছিল!... এই আধুনিক যুগে যখন গোলা-গুলি ও ক্ষেপণাস্ত্রগুলোকে গাইডেড প্রযুক্তির আওতায় লক্ষ্যবস্তুগুলোর ওপর নির্ভুলভাবে আঘাত হানা যায় তখন সৌদি সেনাদের বোমা হামলা কিভাবে এত বেশি লক্ষ্যভ্রষ্ট হতে পারে, তা সত্যিই বিস্ময়কর!
ব্রিটেনের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট তাকফিরি ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এর পৈশাচিকতা ও সৌদি নৃশংসতার মধ্যে মিল তুলে ধরে লিখেছে, সৌদি বিচার বিভাগ রায় দেয় ওয়াহাবি ব্যাখ্যা অনুযায়ী। সেখানে নারী ও পুরুষের মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হয় প্রকাশ্যে জবাই করে তথা গর্দান কেটে ফেলে!
সৌদি সরকার, আইএসআইএল ও ইসরাইল- এই তিন অপশক্তি এখন জনগণের বিরুদ্ধে ও প্রতিরোধ আন্দোলনগুলার বিরুদ্ধে যুদ্ধ করছে এবং নানা অঞ্চলে মাজহাবি বা ধর্মীয় সংঘাত বাঁধানোর ও ইসলামের চেহারাকে কলঙ্কিত করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে!#